চলতি বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান শেষ হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের মানুষ বুস্টারসহ টিকার পূর্ণ ডোজ পাবে। এ বছরের শেষ নাগাদ বুস্টার ডোজসহ সবার টিকাদান সম্পন্ন হবে।
করোনার সব টিকাই কার্যকর উল্লেখ করে তিনি বলেন, যে টিকা পাওয়া যাবে, সেটি নিতে হবে।
তিনি জানান, দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। টিকাদান কার্যক্রম সফলভাবে চলছে।
প্রথম ডোজ ১০ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ৭ কোটি এবং শিক্ষার্থীদের দেড় কোটির মতো টিকা দেওয়া হয়েছে। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এখন পর্যন্ত সাড়ে ২৭ কোটি টিকা পেয়েছি। ১০ কোটির মতো টিকা এখনো হাতে আছে।










