চালের দাম বাড়ানো হাস্যকর বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেন, প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। ১০ শতাংশ শুল্কহারে আমদানি করা হবে। বোরোতে বাম্পার ফলন হয়েছে, আমনেও হয়েছে, তারপরও চালের দাম বাড়ছে, যা হাস্যকর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অবৈধ মজুদদারি রোধে করণীয় ও বাজার তদারকি সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, এই মুহূর্তে চালের জাতীয় মজুদ ২০ লাখ মেট্রিক টনের বেশি। স্বাভাবিক অবস্থায় এই মজুদ ১০ লাখ মেট্রিক টন থাকে। তারপরও প্রতি সপ্তাহে চালের মূল্য বাড়ছে, যা কাঙ্খিত নয়।
চালের দাম বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখার নির্দেশনা দিয়ে তিনি বলেন, মিলের স্টক ভেরিফিকেশন করতে হবে, কতটুকু ক্র্যাসিং হলো, কতটুকু সরবরাহ হলো তা সপ্তাহ শেষে নিয়মিত রিপোর্ট করতে হবে। মিল মালিক, ব্যবসায়ী ও আড়তদারদের মুনাফা কম করে দেশের মানুষের প্রতি মানবিক হতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, আপনারা যদি জেনে থাকেন কারও কাছে অবৈধ মজুদ আছে, তার তথ্য দিন। তথ্য দিয়ে সহযোগিতা করুন-ব্যবস্থা নেওয়া হবে।










