পোল্যান্ড বলেছে, দেশটি তার যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করবে না এবং পোল্যান্ডের বিমানবন্দরগুলিকেও ইউক্রেন যুদ্ধ ব্যবহার করতে দেবে না।
রবিবার (৬ মার্চ) পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর এক টুইটার বার্তায় এ কথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল মোলদোভা সফরে গিয়ে বলেছিলেন, তার দেশ পোল্যান্ডের যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করার জন্য ওয়ারশ’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তার এ বক্তব্যের আগে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছিল, ওয়াশিংটন ওয়ারশ’র সঙ্গে যে চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে তার খসড়ায় বলা হয়েছে, পোল্যান্ডের কাছে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি মিগ-২৯ যুদ্ধবিমানগুলোকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। ইউক্রেনের পাইলটদের এই যুদ্ধবিমান পরিচালনার কৌশল রপ্ত থাকায় তারা স্বাচ্ছন্দে তাৎক্ষণিকভাবে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে পারবে। এর বিনিময়ে আমেরিকা পোল্যান্ডকে এফ-১৬ জঙ্গিবিমান দেবে।
কিন্তু পোল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত টুইটার বার্তায় বলা হয়েছে, পোল্যান্ড তার জঙ্গিবিমানগুলোকে ইউক্রেনে পাঠাবে না। তবে আমরা অন্যান্য ক্ষেত্রে ইউক্রেনকে উল্লেখযোগ্য মাত্রায় সহযোগিতা করব।









