বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপপ্রচার করা হয়েছে। আমরা সেই অপপ্রচারের মোকাবিলা করতে পারিনি। এ ব্যাপারে মিডিয়ারও ভূমিকা আছে। আমাদের আরও বেশি সচেতন এবং সক্রিয় হওয়া প্রয়োজন।
সোমবার (৭ মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গ্রেফতারের ১৬ বছর উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ওয়ান-ইলেভেন সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ২০০৭ সালে আজকের এ দিনে সেই এক-এগারো সরকার অত্যন্ত গর্হিতভাবে, অন্যায়ভাবে আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতার করেছিল। পুরোপুরি একটা মিথ্যা ডকুমেন্টের ওপর, বানোয়াট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে নির্যাতন করে পঙ্গু করে ফেলা হয়েছিল।
কেন তারেক রহমানের ওপর অত্যাচার করা হলো- এ প্রশ্ন রেখে ওয়ান-ইলেভেন সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এরা ছিল অমানুষ। ভাল মানুষ কখনও অন্যায় করে না। তারা শুধু তারেক রহমানকে নয়, তার ছোট ভাই যিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তাকেও গ্রেফতার করেছিল।










