spot_img

আমেরিকার বিরুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান কোথায় অবস্থান করছে, সেই তথ্য ইরানকে সরবরাহ করছে রাশিয়া। এর ভিত্তিতেই ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।

তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া এই যুদ্ধে পরোক্ষভাবে হলেও জড়িয়ে পড়েছে। ইরানে আমেরিকা ও ইসরাইল যৌথভাবে হামলা চালানোর এক সপ্তাহ পর এই তথ্য পাওয়া গেল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই তিন কর্মকর্তা জানান, যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ইরানকে মার্কিন সামরিক স্থাপনা, যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে। একজন কর্মকর্তা বলেন, মনে হচ্ছে বেশ ব্যাপকভাবেই ইরানকে তথ্য দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। মস্কো ইতিমধ্যে এই সংঘাতকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

কর্মকর্তারা জানান, যুদ্ধ শুরুর এক সপ্তাহের কম সময়ের মধ্যে মার্কিন বাহিনীর অবস্থান শনাক্ত করার নিজস্ব সক্ষমতা হারায় ইরান। এমন পরিস্থিতিতে রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের রুশ সামরিক বিশেষজ্ঞ দারা মাসিসট বলেন, ‘ইরান খুবই নিখুঁতভাবে আর্লি-ওয়ার্নিং রাডারে আঘাত হানছে। তারা সুনির্দিষ্টভাবে কমান্ড ও কন্ট্রোল সেন্টারগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট নেই বললেই চলে। এ ক্ষেত্রে রাশিয়ার উন্নত মহাকাশ সক্ষমতা তাদের জন্য অত্যন্ত মূল্যবান।

হার্ভার্ড কেনেডি স্কুলের বেলফার সেন্টারের গবেষক নিকোল গ্রাজেউস্কি বলেন, ইরানকে উচ্চমাত্রায় পাল্টা হামলা করতে দেখা যাচ্ছে, যা কেবল ‘আধুনিক’ সক্ষমতা থাকলেই সম্ভব। তারা আমেরিকা ও এর মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হচ্ছে। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের তুলনায় ইরানের হামলার মান এবার উন্নত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ