পাকিস্তানের বর্তমান সরকারকে আমেরিকা দাস বলে মন্তব্য করেছেন জামিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি অভিযোগ করেন, তারা (পাক সরকার) মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থসেবা করছে।
তিনি বলেন, “আমাদের কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দাস, এবং আমেরিকা সর্বদা ফিলিস্তিনে ইসরাইলের হত্যাযজ্ঞকে সমর্থন করেছে।”
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক পথ বন্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মাওলানা ফজলুর রহমান বলেন, “যেখানে উভয় দেশের জন্য বিকল্প বাণিজ্যিক করিডোর রয়েছে, সেখানে পাকিস্তান নিজের বাণিজ্যিক পথ বন্ধ করে দিয়েছে এবং এখন মানুষকে তেলের ব্যবহার কমাতে বলছে।”
তিনি বলেন, যদিও সরকার দাবি করেছে যে তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী অতিক্রম করেছে, দেশীয় জ্বালানি মূল্যে কোনো পরিবর্তন দেখা যায়নি।
সরকারের দিকে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই তেলবাহী চালান কি অন্য কোনো দেশে সরিয়ে নেওয়া হয়েছে? আর যদি পাকিস্তানে পৌঁছেছে, তাহলে কেন মূল্য কমেনি?”
বিয়ে-সংক্রান্ত ক্ষেত্রসহ সম্প্রতি পাকিস্তান ব্রিটেনের মতো কিছু আইন গ্রহণ করেছে। মাওলানা ফজলুর রহমান এই আইন সম্পকে বলেন, “যদিও ব্রিটিশরা চলে গেছে, তাদের প্রভাব এখনো রয়ে গেছে, এবং তাদের আইনি কাঠামো এখনও মানুষের ওপর চাপানো নীতিতে প্রতিফলিত হচ্ছে।”
সূত্র: তোলো নিউজ











