spot_img

জাফর ইকবাল জ্ঞানপাপী, শিক্ষক নামের কলঙ্ক: চিফ প্রসিকিউটর

জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ‘রাজাকার’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়া লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর মতো ব্যক্তিদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন। এদিন মামলাটিতে প্রসিকিউশনের যুক্তিতর্ক শেষ হয়।

যুক্তিতর্কের একপর্যায়ে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে জাফর ইকবালের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জাফর ইকবালের মতো ‘জ্ঞানপাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত’। তাদের ‘শিক্ষক নামের কলঙ্ক’ বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানকে কেন্দ্র করে জাফর ইকবাল একটি লেখা প্রকাশ করেন। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যেতে চান না বলে জানান এবং শিক্ষার্থীদের দেখলে ‘এরাই হয়তো সেই রাজাকার’ মনে হবে বলে মন্তব্য করেন। তিনি আরও লিখেছিলেন, বাকি জীবনে তিনি কোনো ‘রাজাকারের মুখ’ দেখতে চান না। তাঁর ওই বক্তব্যের পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা তৈরি হয়।

এদিকে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার তদন্তেও জাফর ইকবালের নাম এসেছে। গত ৬ আগস্ট তদন্ত কর্মকর্তার প্রস্তুত করা খসড়া তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনটি পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ