spot_img
spot_img

আমেরিকার সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ‘পুরো সভ্যতাকে মেরে ফেলার’ হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তেহরান।

মঙ্গলবার (৭ এপ্রিল) আমেরিকার সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ে দেশটির অন্যতম নির্ভরযোগ্য এই সংবাদমাধ্যমের প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ট্রাম্পের দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হতে আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে।

একই সময়ে তেহরান, কোম, ইসফাহান, খোররামাবাদ এবং শিরাজসহ ইরানের বিভিন্ন শহরে মঙ্গলবার ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ৮টি সেতু ধ্বংস করেছে এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুদ্ধের দুই পক্ষের মধ্যে সরাসরি কূটনীতি বন্ধ হওয়ার অর্থ হলো আজ রাতে আর কোনও চুক্তির সম্ভাবনা নেই। প্রচলিত পন্থায় সম্ভবত কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে না।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সময়সীমা শেষ হওয়ার রাতে আলোচনা কিংবা সময় বাড়ানোর চেষ্টা না করে কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্নের এই সিদ্ধান্ত একটি পরিষ্কার সামরিক বার্তা। বোমা হামলার মুখে তেহরান কোনও আলোচনায় বসবে না বা বন্দুকের নলের মুখে কোনও শর্ত মেনে নেবে না; সেই ইঙ্গিতই দিয়েছে ইরান। যুদ্ধবিরতি পরিকল্পনার মাধ্যমে যে কূটনৈতিক প্রক্রিয়া শুরুর চেষ্টা চলছিল, তা এখন আর কার্যকর নয়। বরং বর্তমানে যুদ্ধের গতিপ্রকৃতি নির্ধারিত হবে রণক্ষেত্রের সামরিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ