কিউবার একটি পাঁচতারকা হোটেলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২২ জন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আরও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিউবার রাজধানী হাভানার অভিজাত পাঁচতারকা হোটেলগুলোর মধ্যে একটিতে ভয়াবহ বিস্ফোরণের পর হতাহতের এই ঘটনা ঘটে।
শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটা কিউবার রাজধানীর ওই হোটেলের নাম সারাতোগা হোটেল। এটি কিউবার সবচেয়ে অভিজাত পাঁচতারকা হোটেলগুলোর একটি।
ধারণা করা হচ্ছে, পুরোনো হাভানায় অবস্থিত এই সারাতোগা হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকারে আগুন ধরে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে হোটেল ভবনের বেশ কয়েকটি তলা ধ্বংস হয়ে যায়।
এদিকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেলটি পরিদর্শন করেছেন।
তিনি বলেছেন, ‘এটি বোমা বিস্ফোরণ বা অন্য কোনো হামলা ছিল না। এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা।’











