সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) আন্তরিকভাবে সেবাপ্রার্থীদের সঙ্গে আচরণ করতে বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
রোববার (৭ মে) ঢাকায় বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট-লিস্টভুক্ত ইউএনওদের জন্য ওরিয়েন্টেশন কোর্স অন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি ফিট-লিস্টভুক্ত ইউএনওদের উদ্দেশে বলেন, নিজেদের চাকরি ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবা প্রার্থীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সবাইকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম নিজেদের ও সরকারের ভাবমূর্তি মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। তাই এসব বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সঙ্গে সেতুবন্ধ হিসেবে কাজ করে। তাই সরকারি কর্মচারীদের আচরণের ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে। জনগণ যেন সরকারি দফতরে এসে যথাযথ সেবা পায়, সে জন্য সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে।











