জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৭ জুন) ঈদের প্রধান জামাত শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা সকাল ৭টা ২৫ মিনিটে জাতীয় ঈদগাহে উপস্থিত হন। ঈদের জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক। সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া জামাত শেষ হয় সকাল ৭টা ৪২ মিনিটে।
মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, দেশের অগ্রগতি এবং জাতির মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ইমাম। এছাড়া ফিলিস্তিনের নির্যাতিত নারী, শিশু ও সাধারণ মানুষের জন্যও বিশেষ দোয়া করা হয়।
ঈদের জামাতে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
নামাজ শেষে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য নেতৃবৃন্দ মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।











