spot_img
spot_img

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মিনিটের ব্যবধানে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে রোজিনা বেগম (৩৮) নামের এক নারীকে ২ মিনিটের ব্যবধানে দেওয়া হয়েছে দুই ডোজ টিকা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। রোজিনা উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মুসলিম খানের স্ত্রী।

জানা গেছে, রোজিনা বেলা সাড়ে ১১টার দিকে ওই স্কুলের ১ নম্বর বুথে টিকা নেন। টিকা গ্রহণের পর তিনি স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে তাঁর জাতীয় পরিচয়পত্রটি নেওয়ার জন্য একই চেয়ারে বসেছিলেন। এর দুই মিনিটের মধ্যে ফের তাঁকে আরেকটি টিকা দেওয়া হয়। দুটি টিকাই দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী দেওয়ান আফরিন সুলতানা।

মুসিলম খান বেলা দেড়টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এর জন্য যদি আমার স্ত্রী মারা যান এর দায় নেবে কে।’

আফরিন সুলতানা বলেন, ‘ওই নারী প্রথমে টিকা গ্রহণ করে চলে যান। কিছুক্ষণ পর তিনি এনআইডি কার্ড নিতে এসে টিকা গ্রহণের জন্য রক্ষিত চেয়ারে বসেন। কিন্তু তখনো তিনি একবার টিকা গ্রহণের বিষয়টি আমাদের বলেননি। এত মানুষের ভিড়ে সবাইকে চেনা মুশকিল হওয়ায় এ ঘটনা ঘটেছে।’

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, এখন পর্যন্ত ওই নারীর কোনো সমস্যা হয়নি। আমরা তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। আশা করি কোনো সমস্যা হবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ