ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন, সংস্কার ও আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আমরা ডিজিটাল নিরাপত্তা আইন আধুনিকীকরনের পাশাপাশি এর অপব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। একইসঙ্গে আমরা এই আইনের সংস্কার করে এর নাম বদলে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করতে যাচ্ছি। আমরা একইসঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন অনুচ্ছেদের সংস্কার করছি। মূলত আমরা শাস্তির পরিমাণ কমিয়েছি, অর্থাৎ আমরা মানহানির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির বিধান রদ করেছি। এটাই মূল বিষয়।
আইনমন্ত্রী বলেন, মানহানির জন্য এখন আর আপনার জেল হবে না। এক্ষেত্রে অন্য শাস্তি বা জরিমানা হবে। নাগরিক প্রতিকার হিসেবে আমরা এটি চালু করছি।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা এটা সংস্কার করেছি। বাতিল তো আমি বলব না। বাতিল তো করি নাই।










