ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিসসংক্রান্ত চুক্তি বাতিল চেয়ে দেশব্যাপী স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এদিন বিকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, খুলনা, শরীয়তপুর, রাজবাড়ী, নওগা, চট্টগ্রাম জেলা উত্তর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সাতক্ষীরায় এ কর্মসূচী পালিত হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তার সূচনাকাল থেকেই জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভুমিকা পালনকারী এই দল। অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে। তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত তিন বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। জমিয়ত মনে করে এ চুক্তির ফলে দেশের সাধীনতা-সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধ মারাত্মক ভাবে হুমকির মুখে পড়বে, তাই দেশবিরোধী এই চুক্তি সরকারকে বাতিল করতে হবে।
এ সময়, জুলাই ঘোষণাপত্রে শাপলা ও পিলখানা ট্রাজেডিকে উল্লেখ না করার নিন্দা জানিয়ে জমিয়ত মহাসচিব আরো বলেন, আমরা এতে হতাশ ও মর্মাহত হয়েছি। এ রকম গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত না হলে কোন ঘোষণাপত্র পূর্ণতা পায়না।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, দলের প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।











