সাংবাদিকতার নামে নষ্টামি-ভণ্ডামি করলে মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
তিনি বলেন, সাংবাদিকতার নামে নষ্টামি-ভণ্ডামি করলে মেনে নেওয়া হবে না। আমরা সব আইন করে দিব, ইনশা আল্লাহ। গণমাধ্যম আইন, সম্প্রচার আইন সব করেছি।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. মুরাদ হাসান বলেন, এই যে ফ্রিডম অফ স্পিচের কথা বলেন। একটু সিঙ্গাপুর যান ‑ সেখানে গিয়ে দেখেন ফ্রিডম কেমন। একটু আমেরিকা যান, সেখানে কথা বলেন, দেখেন। বাংলাদেশে এই ফ্রিডম অফ স্পিচ দিয়েছেন বঙ্গবন্ধু। বাংলাদেশের ফ্রিডম বঙ্গবন্ধু এনেছেন। অন্য কেউ বাঁশি ফু দিয়ে আনে নাই। আমরা করুণা দিয়ে নয়, রক্ত দিয়ে বাংলাদেশ এনেছি।
তিনি বলেন, শেখ হাসিনার জন্য এখন সব সম্ভব হচ্ছে। আমরা কোটি মানুষকে করোনার টিকা দিতে সক্ষম হয়েছি। আমাদের সব চাইতে বড় শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি থাকলে কেউ না খেয়ে মরবে না, টিকা না নিয়ে কেউ করোনার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করবে না।











