বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ হত্যার তৃতীয় বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সেই সমাবেশে অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন জানিয়েছেন, সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া পুড়িয়ে দেয়া হয় ব্যানার-ফেস্টুনও।
হামলায় ১০ জন আহত হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।











