যুব মন্ত্রণালয় থেকে দেশের বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
তিনি বলেন, ২০ লাখ তরুণকে বাছাই করে তাদের প্রশিক্ষণ দেবো। আমরা শুধু আত্মকর্মসংস্থানের জন্য কাজ করছি না, আমরা তাদের সংগঠিত করার জন্য যুব সংগঠন তৈরিতেও কাজ করছি।
রবিবার (৬ নভেম্বর) বিকালে যুব দিবস উপলক্ষে গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণ বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে ২৪ হাজার ১৫৪টি যুব সংগঠন রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব সংগঠনের ১৪ হাজার ৬৬৮টি সংগঠনকেও এককালীন ৪০-৫০ হাজার করে টাকা অনুদান দিচ্ছি। আগামী জানুয়ারি থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে। এছাড়া ইউএসএইড ৩১ বিলিয়ন ডলার, আইএলও ১০৯ কোটি টাকা এবং ইউনিসেফ ৩ কোটি টাকা অনুদান দেবে।
বেকারদের প্রশিক্ষণের জন্য বিশ্বব্যাংক আমাদের ৪ হাজার কোটি টাকা ঋণ দেবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বেকারদের প্রশিক্ষণ দিয়ে প্রধানমন্ত্রী ৬৪টি জেলায় ৬৪ হাজার বায়োপ্লান্ট স্থাপনের জন্য আমাদের ১১২ কোটি টাকার (ইমপেক্ট) প্রকল্প দিয়েছেন। ইতোমধ্যে এর কাজ শুরু হয়েছে।
বেকার যুবকদের প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ভ্যান প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে জাহিদ হাসান রাসেল বলেন, যারা শহরে যেতে চায় না, গ্রামে গিয়ে তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার জন্য এ ভ্যান ব্যবহার করা হবে। এজন্য ২১টি ভ্যান কেনা হবে। ইতোমধ্যে ১৪টি কেনা হয়েছে, আরও সাতটি কেনা হবে। এছাড়া আমরা প্রশিক্ষণের মাধ্যমে ৪০টি জেলায় যানবাহনের ৪০ হাজার চালক তৈরি করেছি। যারা দেশে-বিদেশে চাকরি পাবে, তাদের কর্মসংস্থান হবে।











