spot_img
spot_img

৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে: রাশেদ প্রধান

১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেছেন, স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সামনে আর মাথা নত করা যাবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। সেদিনের জনতার স্লোগান ছিল, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘ভারতীয় আধিপত্যবাদ, নিপাত যাক’। আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সেই চেতনায় আজও বলীয়ান হতে হবে।

তিনি বলেন, ৩ নভেম্বর তৎকালীন সেনাপ্রধান শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে আওয়ামী লীগ ও ভারতের মদদে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ যে প্রতিবিপ্লব ঘটিয়েছিলেন, ৭ নভেম্বর বাংলার দামাল ছেলেরা তা প্রতিহত করেছিলেন। তবে পরবর্তী ইতিহাস ছিল অত্যন্ত বেদনাদায়ক। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

দেশবাসীকে সতর্ক করে জাগপা মুখপাত্র বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান মানুষকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে। তবে বহুমুখী ষড়যন্ত্র এখনো চলছে। আধিপত্যবাদী অপশক্তি ও তাদের দোসররা নতুনভাবে দেশের ওপর প্রভাব বিস্তারের ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক শিক্ষা ধারণ করে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেশের লাল-সবুজ পতাকা ও সার্বভৌমত্বের ওপর আবারও আঘাত এলে ৭ নভেম্বরের মতো আপামর জনতাকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ