spot_img
spot_img

‘দিল্লিতে বিজেপির বিকল্প তৈরি হয়ে গেলে তাদের ঘুঘুর বাসা ভেঙে যাবে’

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বাদী বিজেপিকে উদ্দেশ করে বলেছেন, দিল্লিতে বিকল্প নেই বলে তোরা ক্ষমতায় আছিস। যেদিন বিকল্প তৈরি হয়ে যাবে সেদিন আর থাকবি না। বিভিন্ন দল মিলে বিকল্প তৈরি করতে হবে, যেদিন তৈরি হয়ে যাবে সেদিন তোমাদের ঘুঘুর বাসা ভেঙে যাবে।

মঙ্গলবার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নজরুল মঞ্চে দলীয় এক সভায় তিনি এসব কথা বলেন।

মমতা বন্দোপাধ্যায় বিজেপির নাম না করে বলেন, কেউ কেউ আগে থেকেই বলে বেড়াচ্ছে, ইউপিতে (উত্তর প্রদেশে) জিতলে নবান্নে (রাজ্য সচিবালয়) ঝড় ওঠাবো, আগে ঝড় থামা তোর নিজের এলাকায়। নিজেদের ওয়ার্ডে গিয়ে আগে ঝড় থামা। তারপরে ঝড় তুলবি।

তিনি বলেন, তোরা ঝড় তুললে আমরা টর্নেডো তুলবো। তোরা টর্নেডো তুললে, আমরা তুফান তুলব। আমরা গর্জন করলে বর্ষণ করি। আমরা বর্ষণ করলে তর্জন করি। আমরা লড়াই করে বেঁচে আছি কারও দয়ায় নেই। মানুষ আমাদের এই লড়াই করতে শিখিয়েছে। এই মাটি আমাদের লড়াই করতে শিখিয়েছে। এই মাটিতেই আমরা লড়াই করব। অত সস্তা নয়! ২০২১ সালে তো বলেছিল, এবার ২০০ পার। (২০০ আসনে জয়) আহা! স্লোগান দেওয়া খুব সহজ। কাজে করা খুব কঠিন।

মমতা দলীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন আমাদের লড়তে হচ্ছে বাম-রামের সাথে (বামফ্রন্ট-বিজেপি)। ৩৪ বছর শাসন করে যারা বাংলাটাকে শেষ করে দিয়েছে। আজকেও তা-ধিন, তা-ধিন করে নাচছে, কোনও লজ্জা নেই, সন্ধ্যে হলেও পাউডার মেখে বসে পড়ছে। দর্শনধারী, কোনও কাজ বিচার নেই। বিজেপির একটা সেকশান হয়েছে, তারা পা তুলে তুলে নেচে নেচে বেড়াচ্ছে! ভেবেছে তৃণমূলটা দুর্বল হয়ে গেছে। তৃণমূল ভদ্রতা করে বলে। তৃণমূল দুর্বল নয়। গতকাল দেখেছেন, চূড়ান্ত অসভ্যতামি করেছে বিধানসভায়। হেরে গিয়েও লজ্জা নেই! নির্লজ্জ! কুৎসাকারীর দল অপপ্রচারকারীর দল, ষড়যন্ত্রকারীর দল, চক্রান্তকারী দল, দাঙ্গাবাজের দল। আমাদের মেয়ারা কাল এগিয়ে ছিল। মেয়েদের অনেক অসম্মান করেছে ওরা, অনেক অপমান করেছে ওরা। অনেক কুকথা বলেছে। তা সত্ত্বেও আমাদের মেয়েরা খুব শৃঙ্খলা পালন করেছে। এবং গণতন্ত্রকে বাঁচিয়েছে। এ জন্য আমার নারী ব্রিগেডকে ধন্যবাদ জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ