জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৭ মার্চ) জাতিসংঘের মানবাধিকার পরিষদে দেওয়া বক্তৃতায় বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরার সময় বাংলাদেশ প্রসঙ্গে ভলকার টুর্ক তাঁর পূর্বসূরি মিশেল ব্যাশেলেতের আহ্বানেরই পুনরাবৃত্তি করলেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের ৫২তম নিয়মিত অধিবেশনের সংস্থাটির হাইকমিশনার ভলকার তুর্ক ৪০টি দেশের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আলাদা করে বলেছেন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) হাই কমিশনার ভলকার তার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও মানবাধিকার বিষয়ক উদ্যোগের সর্বশেষ তথ্য নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। কার্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
বাংলাদেশ বিষয়ে ভলকার বলেন, আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান ধারা, সঙ্গে রাজনৈতিক আন্দোলন কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও মানবাধিকার কর্মী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের অব্যাহত হয়রানির বিষয়টি খুবই দুঃখজনক। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আমার কার্যালয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমি এটিকে সংস্কারের অনুরোধ জানাচ্ছি, কারণ যারা মুক্ত চিন্তা ও বিশ্বাসের অধিকার প্রয়োগের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে এই আইনের মাধ্যমে ফৌজদারি দণ্ড দেওয়ার ধারা অব্যাহত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের ৫২তম নিয়মিত অধিবেশনটি শুরু হয়েছে ২৭ ফেব্রুয়ারি। এটি চলবে ৪ এপ্রিল পর্যন্ত।











