আমরা নারীদের সমান সুযোগ দিতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি নারীদের যেখানে যাকে কাজের সুযোগ দিয়েছি তারা কিন্তু সেখানে ভালো করছে। শুধু দেশের ভেতরেই না আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের নারীদের সমান পদচারণা হোক, সেটাই আমি প্রমাণ করতে চাই। কাজেই সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে ঘরে বসে থাকলে চলবে না।
আজ শুক্রবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, মেয়েরা শুধু বাইরেই কাজ করে না, তারা কিন্তু ঘরে এসেও কাজ করে। সেটা কিন্তু হিসেবে ধরা হয় না। আমাদের পুরুষরা যদি নারীদের দিকে একটু বেশি নজর দেয়, তাহলে তাদের জীবন আরও বেশি সুন্দর হবে।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ বিশিষ্ট নারীকে জয়িতা সম্মাননা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন— ময়মনসিংহের আনার কলি, রাজশাহীর কল্যাণী মিনজি, সিলেটের চা শ্রমিক কমলী রবিদাশ, বরগুনার জাহানারা বেগম ও খুলনার পাখি দত্ত হিজড়া।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।











