spot_img
spot_img

সৌদিতে ১১ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেফতার অভিযান পরিচালনা করেছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, দেশজুড়ে অভিযান চালিয়ে ১১ হাজার ৭৭ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৮৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা আইন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে যথাক্রমে ৪ হাজার ২৫ জন এবং ১ হাজার ২০৭ জনকে গ্রেফতার করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী।

অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ৮৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনের, ৫৮ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি সৌদি ছাড়ার চেষ্টাকালে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ৮৯৩ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ