ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ রিজা আরিফ বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ইরানের একচ্ছত্র অধিকার। এর পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় পেট্রোকেমিক্যাল কোম্পানি ও শিপিং লাইনস পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন, ইরানি জাতি খুব শিগগিরই বড় ধরনের বিজয় উদযাপন করতে যাচ্ছে। জনগণের এই বিজয়ের মাধ্যমেই ইরানের ওপর বছরের পর বছর ধরে চলা সব নিষেধাজ্ঞা ও চাপ অপসারিত হবে।
ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরান কোনো আধিপত্য চায় না। বরং অঞ্চলটিকে শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে আঞ্চলিক সহযোগিতা চায়। তবে ইরানের নিয়ন্ত্রণে থাকলেই এই জলপথ নিরাপদ থাকবে বলে উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে আমেরিকা ও ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে চিকিৎসাকেন্দ্র ও ওষুধ কারখানায় হামলার তীব্র নিন্দা জানান মুহাম্মদ রিজা আরিফ। দেশীয় প্রযুক্তির ওপর ভর করে ক্ষতিগ্রস্ত সব শিল্প ও স্বাস্থ্য স্থাপনা দ্রুত পুনর্নির্মাণের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন।
সূত্র: মেহের নিউজ এজেন্সি











