আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে উঠা কোনো ভূঁইফোড় রাজনৈতিক সংগঠন নয়। দেশের প্রতিটি অর্জন আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, শুধু ভৌগোলিক স্বাধীনতাই নয়, অর্থনৈতিক মুক্তিও এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। এ সম্পর্ক চিরকালের, ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিলো, তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরকেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আন্দোলন, সংগ্রাম, ত্যাগ আর মানুষের ভালোবাসায় আওয়ামী লীগ আজ মহীরূহে রূপান্তরিত একটি প্রতিষ্ঠান।
সূত্র: বাসস











