ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিহিত করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
বৃহস্পতিবার (৮ জুলাই) তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, জন বার্লা হলেন বিচ্ছিন্নতাবাদী। একে মন্ত্রী করে মোদি বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছেন।
পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারের এমপি জন বার্লা গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
জন বার্লা সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা অথবা কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন। বিভিন্ন মহল থেকে তার নিন্দা জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তৃণমূলের পক্ষ থেকে এফআইআরও করা হয়েছে। এবার সেই জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করায় তৃণমূল এ ব্যাপারে তীব্র সমালোচনা করেছে।
জন বার্লা আজ বলেন, কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রাজ্য সরকার কার্যকর করছে না। আগামী দিনে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সেই বিষয়ে আলোচনায় বসব।
পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, একদম বাজে কথা। জন বার্লা কিচ্ছু জানে না। আমি দু’বছর ওকে সংসদে দেখলাম। একদিনও একটা সম্পূর্ণ বক্তব্য দিতে পারেনি ইংরেজি ও হিন্দিতে। ও আগে কী কী প্রকল্প আছে জেনে নিক তারপরে বলবে।












