ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৭ জুলাই) রাতে পাবনার আব্দুল হামিদ সড়কের শহীদ চত্বরে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। খুনি ও ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি এখনও দায়িত্বে থাকতে পারেন না। গণঅভ্যুত্থানের সঙ্গে যারা প্রতারণা করেছে, তারা দেশের জনগণের সঙ্গেও প্রতারণা করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম, অভ্যুথানের পরে আমাদের মিডিয়া সংস্কার লাগবে, পুলিশের সংস্কার লাগবে, আমলাতন্ত্রের সংস্কার লাগবে, সেনাবাহিনীর সংস্কার লাগবে, সংস্কারের মধ্য দিয়ে আমরা নতুন দেশ গড়ব।
তিনি বলেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানে আমাদের অভিমুখ। গণঅভ্যুথানের মধ্যে আমাদের স্কুল কলেজ পড়ুয়া তরুণ-তরুণীরা দেয়ালে দেয়ালে যেই গ্রাফিতি একেছিল সেই গ্রাফিতির মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। সেই সব গ্রাফিতিতে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। পাবনাবাসীকে আমরা বলতে চাই, আপনাদের সঙ্গে নিয়ে নতুন সংবিধান রচনা করব। সেই সংবিধান দিয়েই নতুন বাংলাদেশ চলবে।











