spot_img
spot_img

সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বিএনপি: আখতার হোসেন

বিএনপি সরকার সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর, বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোটে পাস হওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চায় না। তারা এখন পেছনের দিকে ফিরে যাওয়ার বাহানা খুঁজছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ প্রণয়নের বিষয়ে দীর্ঘদিন জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে। জুলাই সনদ স্বাক্ষরের সময় এনসিপি জানিয়েছিল, সনদের আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পর তারা এতে স্বাক্ষর করবে। কারণ, আইনগতভাবে জুলাই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের বাধ্যবাধকতা না থাকলে পরবর্তী সময়ে সংস্কার প্রস্তাবগুলোর কোনোটি বাস্তবায়ন নাও হতে পারে বলে আশঙ্কা ছিল।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার পরও, গণভোট হয়ে যাওয়ার পরও বিএনপি সরকার সংস্কারের প্রস্তাবগুলো মানতে চায় না এবং এগুলোকে অস্বীকার করতে চায়। তারা বারবার বলে, জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পরিপালন করবে। কিন্তু খোদ জুলাই সনদের যেসব বিষয়ে বিএনপি সরকারের কোনো নোট অব ডিসেন্ট ছিল না, দল হিসেবে বিএনপি যেগুলোতে একমত ছিল, সেই বিষয়গুলো তারা এখন আর পালন করছে না।

এনসিপির সদস্যসচিব আরও বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করতে চায়, সেটিও সত্য নয়। বিএনপি আসলে সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না। যদি তাই হতো, তাহলে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে বিএনপির কোনো আপত্তি না থাকা সত্ত্বেও পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়িত হলো না কেন। একইভাবে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বিএনপির কোনো নোট অব ডিসেন্ট ছিল না। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয় বাদ দেওয়া হলো কেন। সংসদের স্থায়ী কমিটিগুলোতে আনুপাতিক হারে বিরোধী দল থেকে সভাপতিত্ব দেওয়ার কথা ছিল, সেগুলো কেন দেওয়া হলো না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ প্রণয়ন হয়েছে, স্বাক্ষর হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে, গণভোটের অধ্যাদেশ হয়েছে, গণভোট পাস হয়ে গেছে। এখন তারা পেছনের দিকে ফিরে যাওয়ার একটা বাহানা খুঁজছে। সামগ্রিকভাবে পুরো বিষয়টাই হচ্ছে, সংস্কার যাতে বাস্তবায়ন করা না হয়, তারই একটা প্রক্রিয়া মাত্র।

এনসিপির সদস্যসচিব বলেন, আমরা সরকারের কাছে এ কারণে আহ্বান জানাতে চাই, আপনারাই তো যেদিন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়, সেদিন আপত্তি না জানিয়ে বরং এটাকে সাধুবাদ জানিয়েছিলেন। এখন এসে কেন আপনারা পেছাতে চান? এ ধরনের কোনো আচরণ আপনারা করবেন না।

তিনি আরও বলেন, আমাদের একটাই দাবি, অবশ্যই এই একপেশে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করার মধ্য দিয়েই এই সংকটের সুরাহা করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ