spot_img
spot_img

সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংশোধনের নামে ধোঁকা দেওয়ার পথ পরিহার করে দায়িত্ব পালনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমীর বলেন, যেসব জায়গায় আমূল পরিবর্তন প্রয়োজন, সেসব প্রত্যেকটি ক্ষেত্রেই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। জাতির সঙ্গে দেওয়া কথা বিএনপি রাখেনি। নোট অব ডিসেন্টের ক্ষেত্রে সমঝোতার প্রস্তাবে রাজি হয়ে বিরোধী দল জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করবে না। সংশোধন আদালত কর্তৃক যেকোনো সময় বাদ হতে পারে।

সংশোধনের নামে ধোঁকা দেওয়ার রাস্তা পরিহার করে নিজের দায়িত্ব পালন করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্ব পালন করতে না পারলে সরে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, লংমার্চকে ঘিরে কোনো ষড়যন্ত্র করা যাবে না। করা হলে ১৯৯৮ সালে আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলা করে যেভাবে লংমার্চ করা হয়েছিল, এবারও কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, জামায়াত পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মেলাচ্ছে, এমন একটি ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে সরকার। অথচ বিএনপি নির্বাচনে আওয়ামী লীগের ভোট চেয়েছিল।

তিনি আরও বলেন, এখন তাদের নেতাদের পুনর্বাসন করা হচ্ছে। যে সরকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও অস্ত্র ব্যবসা বন্ধ করতে পারে না, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই।

সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে বিএনপির নোট অব ডিসেন্ট খারিজ হয়ে গেছে। সংস্কার পরিষদ ছাড়া সংবিধান পরিবর্তন বেআইনি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে বেআইনি পথ থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিশেষ কমিটির নামে জুলাই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়, এমন অনেক কিছুই যুক্ত করার অপচেষ্টা চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ