জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমগ্র বিশ্বের অর্থনীতি ও জনজীবনে কোভিড-১৯ মহামারি নজিরবিহীন দুর্দশা বয়ে এনেছে। সমতাভিত্তিক অর্থনৈতিক পুনরুদ্ধারকে বৈশ্বিক ও সামাজিকভাবে প্রাধান্য দিতে হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উজবেকিস্তানের তাসখন্দে স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিট এর “এড্রেসিং দ্যা রিস্কস অব দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি” শীর্ষক সেশনে এসব কথা বলেন তিনি।
স্পিকার বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠী ও আর্থ-সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত জনজীবনের অভিজ্ঞতাগুলো এবং সামাজিক বৈষম্যকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা সহায়তা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নগদ স্থানান্তর প্রক্রিয়া প্রসারিত করা উচিত যাতে করে অতিদরিদ্ররা সামাজিক নিরাপত্তার বাইরে ছিটকে না পড়ে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে অতিদরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ২০ মিলিয়ন পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে যাতে তারা স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারে।
তিনি বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন, সমান মজুরি, জামানতমুক্ত ঋণ ব্যবস্থা ও অনুদান, নারীদের জন্য শ্রম বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, নারী ও মেয়েদের মানসিক স্বাস্থ্য, নারী সহিংসতা প্রতিরোধ বর্তমানে গুরুত্বপূর্ণ। সকল ক্ষেত্র স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং অসমতা ও বৈষম্য দূরীকরণে সংসদ কর্তৃক উপযুক্ত আইনি কাঠামো প্রণয়ন করতে হবে।











