ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
শনিবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার ভোর ৫টার দিকে নাসিকের ঔরঙ্গাবাদ সড়কে ডিজেল পরিবহনকারী একটি ট্রেলার ট্রাককে ধাক্কা দেওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
নাসিকের ডেপুটি কমিশনার অব পুলিশ অমল তাম্বে জানান, এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশির ভাগই বিলাসবহুল বাসের যাত্রী ছিল।তবে তাদের পরিচয় জানা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।











