spot_img

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান এবং পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। এর আগে, ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০:৫৪ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী ৫ নভেম্বর মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং মদিনার মসজিদ আল-নববীতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। একই দিনে তিনি মদিনা থেকে মক্কায় পৌঁছান। কাবায় পৌঁছে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন। সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

সম্মেলনে যোগদান ছাড়াও প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেন। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ