সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। তাই সরকারকে দেশের দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। সরকারের কাজের মূল্যায়ন জনগণই করবে এবং পরবর্তী নির্বাচনে তারা রায় দেবে। ঘন ঘন আন্দোলনের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে। এ অবস্থায় দেশ পুনর্গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে বলেও মন্তব্য করেন তিনি। লংমার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলেও উল্লেখ করেন।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চিফ হুইপ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে বিএনপি ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন নূরুল ইসলাম মনি।











