প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা জোরদারে ‘বদর সমঝোতা স্মারক’ নামে একটি চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিরক্ষামন্ত্রীদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, চার দেশের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমঝোতাটির অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। এর আওতায় সামরিক সরঞ্জাম উৎপাদন, সামরিক সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সামরিক প্রশিক্ষণ এবং গবেষণা ও উন্নয়নে সহযোগিতার সুযোগ তৈরি হবে।
বিবৃতিতে বলা হয়, চার দেশের নিজস্ব সামরিক উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানো হবে। এর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা জোরদারের পাশাপাশি মিত্র ও বন্ধুভাবাপন্ন দেশগুলোর সামরিক চাহিদা পূরণে সহযোগিতা করা হবে।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার চেয়ারম্যান হালুক গোরগুন বলেন, যৌথ উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং নিজস্ব উৎপাদন সক্ষমতা জোরদার করাই টেকসই প্রতিরক্ষা শিল্পের মূল ভিত্তি। প্রচলিত অস্ত্র কেনাবেচার বাইরে গিয়ে অংশীদার দেশগুলোর মানবসম্পদ ও শিল্প অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
গোরগুন বলেন, ‘বদর সমঝোতা স্মারক’ চার দেশের পরিপূরক সক্ষমতাকে বাস্তবমুখী যৌথ প্রকল্পে রূপান্তরের ভিত্তি তৈরি করবে।
তুরস্কের সঙ্গে কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার আগে থেকেই প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। কাতারে তুরস্কের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। এছাড়া গত আগস্টে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। ওই চুক্তিতে কোনো এক দেশের ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনার অঙ্গীকার করা হয়।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়











