spot_img
spot_img

শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

শিক্ষক কিংবা অন্য পেশায় কর্মরত ব্যক্তিদের একই সঙ্গে সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে একই সময়ে সাংবাদিকতা করা পেশাগত শৃঙ্খলা ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতায় যুক্ত ব্যক্তিদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনগণের কাছে সঠিক তথ্য তুলে দেওয়ার দায়িত্ব পালন করতে হয়। তাই সাংবাদিকদের পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।

শিক্ষকদের প্রসঙ্গে তিনি বলেন, তারা সরকারের বেতনভুক্ত। তাই শিক্ষকতার পাশাপাশি অন্য পেশা বা সাংবাদিকতা করার সুযোগ নেই। সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাগত শৃঙ্খলার বিষয়ও জড়িত।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বর্তমানে বিভিন্ন পেশায় নিয়োজিত অনেকেই সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কেউ শিক্ষকতা করছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ অন্য পেশায় যুক্ত থেকেও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত কিংবা ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায়, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। পেশাদার সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ