spot_img
spot_img

চাঁদপুরে ট্রেনযাত্রীর ব্যাগ ছিনতাই, ১৮ ভরি স্বর্ণ উদ্ধারসহ গ্রেপ্তার ৩

পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যাওয়ার পথে চাঁদপুর রেলস্টেশনে ছিনতাইয়ের শিকার হন ফাতেমা আক্তার। তাঁর ভ্যানিটি ব্যাগে থাকা ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতিয়া নদীর পন্টুনের সুড়ঙ্গ ও সিঁড়ির নিচ থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার শ্রমিক কলোনি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২১), একই এলাকার আবদুল মালেক কোড়ালীর ছেলে রাব্বি হোসেন (২৪) এবং প্রয়াত শফিকের ছেলে জাহিদ (২১)। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের মধ্যে জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ এবং জাহিদ ওরফে গরু জাহিদ রয়েছেন।

পুলিশ জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার গত ৫ নভেম্বর ভোরে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে উঠতে চাঁদপুর রেলস্টেশনে যান। পরিবারের সদস্যদের স্বর্ণালংকার, টাকাপয়সা ও মুঠোফোন ছিনতাইয়ের আশঙ্কায় একটি ভ্যানিটি ব্যাগে একসঙ্গে রেখেছিলেন তিনি। স্টেশনে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

ব্যাগটিতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। এ ঘটনায় ফাতেমার ভাই মো. মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।

মামলার পর ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করার পর চাঁদপুর শহরে অভিযান চালিয়ে মো. জাহিদ হোসেন ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে ৭ নভেম্বর ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে বোনের শ্বশুরবাড়ি থেকে আরেক আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে চাঁদপুর বড় স্টেশনের বরফকল এলাকার ভিআইপি ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পন্টুনের ভেতরের সিঁড়ির নিচে ও নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে লুকিয়ে রাখা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে সাত ভরি ওজনের সাতটি সোনার চেইন, তিন ভরি ওজনের পাঁচটি আংটি, আড়াই ভরি ওজনের চার জোড়া কানের দুল, দুই ভরি ওজনের দুটি রুলি, আড়াই ভরি ওজনের একটি হার এবং এক ভরি ওজনের একটি ব্রেসলেট।

সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, ওই নারীর ব্যাগে ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিল। ছিনতাইয়ের আশঙ্কায় সবকিছু একটি ভ্যানিটি ব্যাগে রেখেছিলেন তিনি। পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করেছে। বাকি স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকা উদ্ধার করা যায়নি।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ