খুলনায় একাধিক হত্যা মামলার আসামি এ্যালকো রিপনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার (৯ ফেব্রুয়ারি) লবণচরাস্থ নিজস্ব কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।
তিনি জানান, তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, দুটি হত্যাচেষ্টার এবং ১টি ডাকাতি মামলা রয়েছে। গত বছরের ৬ নভেম্বর নগরীর দৌলতপুরের বাসিন্দা সিআইপি শেখ ফারুক হাসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়। ওই ডাকাতির সঙ্গে রিপন ওরফে এ্যালকো রিপনের সম্পৃক্ততার তথ্য পেয়ে র্যাব তদন্ত শুরু করে। সে ছদ্দবেশে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদে মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে আটক করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার একটি ৯তলা ভবন থেকে দ্রুত পালানোর চেষ্টাকালে আসামি রিপনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির ঘটনা ছাড়াও বেশ কয়েকটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।










