ভারতে ১৪ ফেব্রুয়ারি “ভালোবাসা দিবস” উপলক্ষে গরুকে জড়িয়ে ধরে দিবসটি ভিন্নভাবে পালনের আহ্বান জানিয়েছে ভারতের মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের অধীনস্থ “পশু কল্যাণ বোর্ড”।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এই বোর্ড এক নোটিশে জানায়, যারা গরুকে ভালোবাসেন, তারা তাদের জীবনে গো-মাতার ভূমিকা এবং জীবনকে সুখী ও ইতিবাচক শক্তিতে ভরে তোলার বিষয়গুলো মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরার দিন হিসেবে পালন করতে পারেন।
নোটিশে আরও জানানো হয়, এখন থেকে ১৪ ফেব্রুয়ারি “গরুকে জড়িয়ে ধরার দিন” হিসেবে পালন করা হবে, যাতে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেওয়া যায় এবং সমষ্টিগত সুখ’র ধারণাকে অনুপ্রাণিত করা যায়।
কর্মকর্তাদের বরাত দিয়ে এই নোটিশে আরও বলা হয়েছে, পশ্চিমা সংস্কৃতির উন্নয়নে প্রাচীন ভারতের বৈদিক ঐতিহ্য প্রায় বিলুপ্তির মুখে পড়েছে এবং সবাই পশ্চিমা সভ্যতার আগ্রাসনে আমাদের ঐতিহ্য ও ইতিহাস ভুলে যাচ্ছে।












