বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে নির্বাচন, আওয়ামী লীগ এখন ঢোল বাজাচ্ছে। এ নির্বাচনে আবার সেই ঢোল। নির্বাচন নির্বাচন খেলা করে তারা আবারও নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে।
শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা আবার খেলা শুরু করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের আটকে রেখে, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়।
ডায়রিয়ার প্রকোপের কথা উল্লেখ করে তিনি বলেন, কেন আসছে এতো রোগী? কারণ এ ঢাকা শহরের সব ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। ফলে প্রতিদিন দেড় হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।










