বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না।
শুক্রবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে এদেশে আর কোনো নির্বাচন হবে না। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, গত দুই মেয়াদে জনগণ ভোট দিতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনেও একই খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ। তবে জনগণ এবার আর তা হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। তারা মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। জিনিসপত্রের দাম কমানো, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিতে অবাধ, সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এ জন্য সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, আন্দোলন শুরু হয়েছে। শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করাসহ সকল দাবি আদায় করা হবে।










