গাজ্জায় গত ৮ মাস ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩৬ হাজার ৮০১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এই ৩৬ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ৭ জনকে মুক্ত করেছে ইসরাইল। অথচ আলোচনার মাধ্যমে তারা ১০০ জনেরও বেশি ইসরাইলিকে মুক্ত করতে পেরেছে।
রোববার (৯ জুন) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক প্রফেসর কেনেথ রথ আল-জাজিরাকে বলেন, চার বন্দীকে উদ্ধার করতে যেয়ে শনিবার গাজ্জার মধ্যাঞ্চলে অবস্থিত এ শিবিরে ব্যাপক হামলা চালিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
তিনি আরো বলেন, এই উদ্ধার অভিযানের অর্থ হলো ইসরাইলি সামরিক অভিযানের কারণে মোট সাতজন বন্দী জীবিত মুক্তি পেয়েছে। যেখানে আলোচনার মাধ্যমে এক শ’রও বেশি মুক্তি পেয়েছে।
কেনেথ বলেন, এ থেকে বুঝা যায় আলোচনার মাধ্যমে সব বন্দীদের মুক্ত করা সম্ভব। কিন্তু নেতানিয়াহু হামাসের সাথে আলোচনা শেষ করার জন্য একটি বড় বাধা কারণ তিনি একটি দীর্ঘমেয়াদী স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হতে চান না। নেতানিয়াহুর একটি চিরকালের যুদ্ধ দরকার।
তিনি বলেন, একবার যুদ্ধ বন্ধ হয়ে গেলে, ৭ অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার জন্য তাকে রাজনৈতিক হিসাবের সম্মুখীন হতে হবে। এজন্য তিনি যুদ্ধবিরতি চান না।
সূত্র : আল-জাজিরা











