জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। করোনার সময় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে প্রণোদনা প্যাকেজসহ অন্যান্য পদক্ষেপের কারণে সকল শ্রেণি-পেশার মানুষের জীবন সুরক্ষিত ও অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জামালপুর জেলায় আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দারিদ্র্যের হার ৪০ ভাগ থেকে ২১ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষি ভর্তুকি প্রদান, ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা, উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ, শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীন মানুষের ঘর নির্মাণ, নারীর ক্ষমতায়নসহ প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন জাতির জন্য গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য, শোষণ-বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ নির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।










