রাজনীতি আমার জন্য ইবাদাত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।
তিনি বলেন, আমার রাজনীতি আমার জন্য ইবাদাত। মানুষের জন্য কাজ করার চেয়ে বড় ইবাদাত কিছু নেই।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার সবগুলো ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
শামীম উসমান বলেন, এখানে উপস্থিত সবাই আওয়ামী লীগ করেন না। এখানে অনেকে অন্য দলের আছেন। আমার কাছে এটা বিষয় না। আপনারা সবাই জনগণের প্রতিনিধি। এই সম্মান আল্লাহ আপনাদের দিয়েছেন। আপনারা নির্বাচনের আগে অনেক কথা বলেছেন। একজন মেম্বারের কিছু করার ক্ষমতা নেই যদি চেয়ারম্যান সাপোর্ট না দেয়। আবার চেয়ারম্যানরা এমপি ছাড়া কিছু করতে পারবেন না। প্রশাসন অন্য কথা। আপনারা যদি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এখানে এসে থাকেন তাহলে আসসালামু আলাইকুম। আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো। আপনারা বিরুদ্ধে থাকলেও আমার আপত্তি নেই। আমার রাজনীতি আমার জন্য ইবাদাত। মানুষের জন্য কাজ করার চেয়ে বড় ইবাদাত কিছু নেই।
তিনি বলেন, আগামী নির্বাচন ২০২৩ সালে হলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ হায়াত দিলে তিনি প্রধানমন্ত্রী হবেন। ষড়যন্ত্র হচ্ছে, তবে এটা সরকার পরিবর্তনের জন্য নয়। বড় বড় পরাশক্তির খেলার মধ্যে আমরা পড়েছি। ভৌগোলিক অবস্থানের কারণে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এই জায়গাকে অনেকে নানাভাবে ব্যবহার করতে চায়।










