নির্বাচনের দুই দিন পেরিয়ে গেলেও এখনো ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়নি পাকিস্তানে। এমন নাটকীয়তার মধ্যেই জোট গঠনের ব্যাপারে নতুন তথ্য জানালেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
তিনি জানিয়েছেন, তার দলের সাথে জোট গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো দলের সাথেই আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
তবে বিলাওয়াল মেনে নিয়েছেন, তার দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব হবে না।
তার বাবা আসিফ আলি জারদারির সাথে পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরীফের কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিলাওয়াল বলেন, যখন পুরোপুরি ফলাফল সামনে আসবে। সে সময়ই আমরা একটা অবস্থায় আসবো।
এছাড়া পিটিআই’র কোনো প্রার্থীও তার সাথে এককভাবে যোগাযোগ করেনি বলেও নিশ্চিত করেছেন পিপিপি নেতা বিলাওয়াল।
তিনি বলেছেন, আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর কাছাকাছি আছি, তবে তাদের কেউ পিটিআই সমর্থিত স্বতন্ত্র নয়।
সূত্র: ডন










