spot_img

ইরানের পক্ষে পোস্ট দেয়ায় বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি এবং বাকি পাঁচজন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে।গ্রেপ্তারকৃত বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ইসরাফিল মীর।

সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বাহরাইন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট এই অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের আগ্রাসন ও সংঘাতপূর্ণ পরিস্থিতির ভিডিও প্রকাশ বা শেয়ার করেছেন এবং সেসব কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ছয়জন এশীয় নাগরিকের কার্যক্রম দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে। বাহরাইন সরকার বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি রাখছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের গুজব ছড়ানো বা শত্রুদেশের পক্ষে সহানুভূতি প্রকাশ করা বাহরাইনের আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ