বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিন বছর পূর্বেও আমাদের সঙ্গে এসব ইফতার মাহফিলে শরিক থাকতেন দেশনেত্রী খালেদা জিয়া। আজ এই মাহফিল ভারাক্রান্ত হয়েছে। কারণ গণতান্ত্রিক সংগ্রামে যাদের ফ্যাসিস্ট গণবিরোধী সরকার ঘুম করে দিয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। অত্যন্ত মর্মান্তিক বক্তব্য রেখেছেন তাদের ছেলে, মেয়ে, ভাই, বাবা-মা’রা। আমরা জানি এই গণতন্ত্রের সংগ্রামে আমাদের ছয়শ’র অধিক নেতাকর্মী গুম হয়েছে। শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর ১০০ ফিট এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের সবার দম এখন বন্ধ হয়ে আসছে, নিশ্বাস বন্ধ। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক।
তিনি বলেন, পরম করুনাময় আল্লাহর কাছে এই ইফতারের আগে আমরা দোয়া চাইবো। আল্লাহ যেন আমাদের এই ভয়াবহ জালিম সরকারের হাত থেকে মুক্ত করেন। আমাদের সেই শক্তি দেন যে শক্তি দিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এই দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।










