ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. উইসাম হুসেইন আলি আল ইথাভি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক ও কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-ইরাক দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
সোমবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন উভয় পক্ষ।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি দ্রুত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।
শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা দেওয়া এবং তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখায় ইরাক সরকারের প্রশংসা করেন।
এ ছাড়া দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।











