spot_img
spot_img

১৫ বছরেও আমরা আওয়ামী লীগ হটাতে পারিনি: বিএনপির ভাইস চেয়ারম্যান

১৫ বছরেও আওয়ামী লীগকে হটানো সম্বব হয়নি উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ছাত্র-শিক্ষক, বাবা-মা, রাজনীতিবিদ ও জনতার মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে।

আজ মঙ্গলবার (১০ জুন) পটুয়াখালীতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, এটা সত্য কথা যে, গত ১৫ বছরে আমরা সাধারণ পাবলিক আন্দোলন করে আওয়ামী লীগ হটাতে পারিনি। আমাদের শিশুরা, আমাদের ছাত্ররা আন্দোলন শুরু করেছে। ওদের দেখা দেখি পিতা-মাতারা মাঠে নেমেছেন, শিক্ষকরা মাঠে নেমেছেন। তার দেখা দেখি আমরা সাধারণ পাবলিক মাঠে নেমেছি। সবার মিলিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, আমাদের দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য, মঙ্গলের জন্য সেই আন্দোলন ধরে রাখতে হবে। আমাদের মধ্যে বিভেদ, ঝগড়ার কারণে দেশের মানুষ যদি আন্দোলনের সুফল ভোগ করতে না পারে সেটি হবে দুঃখের বিষয়।

জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এগুলো ছিল নির্বাচন খেলা। এখন অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমরা যে নির্বাচন চাচ্ছি সেটা চাই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এজন্য যা করা প্রয়োজন, যেটুক সংস্কার প্রয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন তা করতে হবে। তবে সেটা করার জন্য তো আনলিমিটেড সময় দেওয়া যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি, আমরা তো বলবো কালকে নির্বাচন চাই, তবে কালকে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না সেটা আমাদের দেখেতে হবে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র সদস্য মাকসুদ আহমেদ বায়জিদ পান্না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ