spot_img
spot_img

আমেরিকা দোহা চুক্তি লঙ্ঘন করেছে; তারা ক্ষতিগ্রস্ত: তালেবান

আফগানিস্তানে ঘোষিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন মন্ত্রীর নাম আমেরিকার কালো তালিকায় থাকার ঘটনাকে দোহা চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে তালেবান। এর ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলামি আমিরাত আফগানিস্তান এ ঘটনাকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এবং এর ফলে আমেরিকা ও আফগানিস্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তাবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন।

এদিকে মঙ্গলবার রাতে আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার ঘোষণা করে তালেবান। তালেবানের ইসলামি আমিরাত আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায়, ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

এ সম্পর্কে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ বলেন, হক্কানি পরিবার ইসলামি আমিরাতের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের আলাদা কোনো নাম বা সংগঠন নেই।

মুজাহিদ বলেন, দোহা চুক্তিতে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া ইসলামি আমিরাতের সকল সদস্যকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। কাজেই তাদের নাম জাতিসংঘ এবং আমেরিকার কালো তালিকা থেকে বাদ দেয়া উচিত ছিল। কিন্তু তালেবানের এ দাবি এখন পর্যন্ত ওয়াশিংটন মেনে নেয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ