২০ বছর পর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পরও আমেরিকা আফগানিস্তানসহ গোটা অঞ্চলে সংকট জিইয়ে রাখার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছে তিনি এ মন্তব্য করেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি বলেন, ২০ বছর পর আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেওয়ার পরও আমেরিকা আফগানিস্তানসহ গোটা অঞ্চলে সংকট জিইয়ে রাখার পাঁয়তারা করছে। আমেরিকা উত্তেজনা ছড়িয়ে দেওয়ার নীতি গ্রহণ করে এখনও মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলে সংকট সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে।
তিনি বলেন, এ বৈঠকের মাধ্যমে যাতে আফগানিস্তানে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য ইরান সবরকম চেষ্টা চালাবে। আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে এ ধরনের বৈঠকের প্রতি তেহরানের পূর্ণ সমর্থন রয়েছে।











