spot_img
spot_img

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি, ক্ষোভ ডেপুটি স্পিকারের

মন্ত্রিসভায় অনুমোদনের প্রায় চার মাস পর সংসদে বিল উত্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেন, আইনসভাকে অবজ্ঞা না করে শক্তিশালী করতে হবে। সময়মতো বিল সংসদে না আসায় সংসদ সদস্যরা তা পর্যালোচনার পর্যাপ্ত সুযোগ পান না।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপনের আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল জানান, বিলটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল। অথচ প্রায় চার মাস পর গত ৪ নভেম্বর এটি সংসদে আসে।

কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে এবং বেসরকারি বিল উত্থাপনের ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। তবে স্পিকার চাইলে এ সময় বাড়াতে পারেন।

তিনি বলেন, এই চার মাসে আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার) করতে হলো?

তিনি আরও বলেন, আমি অনুমতি দিচ্ছি, কিন্তু এটা আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।

ডেপুটি স্পিকার বলেন, মন্ত্রিসভায় চার মাস আগে অনুমোদিত একটি বিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তিন-চার মাস সময় লাগার কথা নয়।

মন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তী সময়ে সতর্ক থাকবেন দয়া করে। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ